‘ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ’
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি বলেছেন, তার দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেন নি। এর আগে, গত জানুয়ারি মাসে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয় যাতে বলা হয়েছে- আরব এ দেশটি থেকে মার্কিন সেনাসহ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।
প্রধানমন্ত্রী কাজেমি বলেন, ভিডিও লিংকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি ইরাকের জাতীয় সংসদ মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে যে প্রস্তাব পাস করেছে সে প্রস্তাবও স্বীকার করে নিয়েছে মার্কিন প্রশাসন। আলোচনার পর বাগদাদ এবং ওয়াশিংটনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, আমেরিকা স্থায়ীভাবে ইরাকে সেনা রাখতে কিংবা স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি গড়তে চায় না।
মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাকি প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে একথা পরিষ্কার নয় যে, ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য যে সমস্ত প্রশিক্ষক সেনা রয়েছে তাদের কেউ প্রত্যাহার করা হবে কিনা। ২০১৪ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর ইরাকি বাহিনীর প্রশিক্ষণ দেয়ার জন্য মার্কিন এসব প্রশিক্ষক মোতায়েন করা হয়।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।