বাগদাদের ক্ষোভ সত্ত্বেও তুরস্ক স্পেশাল ফোর্স পাঠিয়েছে ইরাকে
-
তুর্কি স্পেশাল ফোর্সের সদস্যরা
তুরস্ক জানিয়েছে, উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযানের জন্য স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। ইরাকের ভূখণ্ডে তুর্কি সেনাদের তৎপরতার বিরুদ্ধে বাগদাদ বারবার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও আঙ্কারা এই পদক্ষেপ নিল।
গতকাল (বুধবার) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে দেয়া এক বিবৃতিতে বলেছে, “অপারেশন ক্ল-টাইগার শুরু হয়েছে। আমাদের স্পেশাল ফোর্সের বীরেরা ইরাকের ১৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে।”
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডো এ ফোর্সকে আকাশ থেকে জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন সহায়তা দেবে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল ফোর্স মোতায়েনের আগে ইরাকের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা হয়েছে।
স্বাধীন সার্বভৌম দেশ ইরাকের ভেতরে তুর্কি সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করার জন্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির পুলিশ স্টেশন এবং ঘাঁটিগুলোর ওপর পিকেকে গেরিলাদের সাম্প্রতিক হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অভিযান শুরু করা হয়েছে। এ ধরনের অভিযান চালানো তুরস্কের সামরিক বাহিনীর অধিকার বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।#
পার্সটুডে/এসআইবি/১৮