পালমিরায় ধুপদী কনসার্টের আয়োজন করলেন রুশ সঙ্গীত পরিচালক
রাশিয়ার খ্যাতনামা সঙ্গীত পরিচালক ভ্যালারি গাগিয়েভ সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ঐতিহাসিক নগরী পালমিরায় ধ্রুপদী কনসার্টের আয়োজন করেছেন। প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে সম্প্রতি এ নগরী মুক্ত হয়েছে।
‘পালমিরার জন্য প্রার্থনা- সঙ্গীতে বেঁচে ওঠে প্রাচীন ধ্বংসাবশেষ’ শীর্ষক এ কনর্সাটের আয়োজন করা হয় নগরীর রোমান থিয়েটারে। ১০ মাস সন্ত্রাসীদের দখলে থাকার সময়ে পালমিরার নানা ঐতিহাসিক এবং প্রাচীন পুরাকীর্তি ধ্বংস করে দেয়া হয়েছে। অবশ্য ধ্বংসের হাত থেকে নগরীর অল্প যে কয়েকটি স্থান রক্ষা পেয়েছে তার অন্যতম হলো পালমিরার রোমান থিয়েটার। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এ নগরী দখল করে ব্যাপক রক্তক্ষয় এবং ধ্বংস তৎপরতা চালানোর আগে পালমিরার বাৎসরিক উৎসবের সূচনা হতো এই রোমান থিয়েটারে।
রুশ এবং সিরিয় সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও এ অনুষ্ঠান যোগ দিয়েছেন স্থানীয় অধিবাসীরা। আয়োজকরা বলেছেন, এ নগরী মুক্ত করতে যেয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
কৃষ্ণ সাগরে সোচির বাসভবন থেকে এ সঙ্গীত আয়োজনে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, উগ্রবাদের শিকার যারা হয়েছেন তাদের স্মরণে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব জুড়ে বিজয়ের আশাবাদে এ কনসার্টের আয়োজন করা হয়।
সন্ত্রাসের শিকার ব্যক্তিদের স্মরণ করার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, পালমিরা কেমন মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না বরং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভয়ানক অভিশাপ থেকে আধুনিক সভ্যতাকে উদ্ধার করবে বলে আশা করছি।#
মূসা রেজা/৬