আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা আবার সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছে: সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, আমেরিকা ব্যাপকভাবে তার দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে এবং সন্ত্রাসীদেরকে পুনর্গঠিত করে সিরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে গতকাল (রোববার) এসব কথা বলেন ফয়সাল মিকদাদ। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকা দামেস্ক সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। মিকদাদ আরো বলেন, আমেরিকা ও মিত্র জোটের সেনারা সিরিয়ার ভেতরে তেলবাহী গাড়িগুলোতে হামলা চালাচ্ছে।
উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা ২০১৪ সালে সিরিয়ায় সামরিক অভিযান চালায়। তখন থেকেই মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে অথচ দামেস্ক সরকারের কাছ থেকে তারা অনুমতি নেয় নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেও পরে বিশেষ লবির চাপের মুখে সে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি সরাসরি স্বীকার করেন যে, সিরিয়ার তেল ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য সেখানে মার্কিন সেনা অবস্থান করবে। এ কাজে তারা কুর্দি গেরিলাদেরকেও ব্যবহার করছে।#
পার্সটুডে/এসআইবি/২