৬৬ যাত্রীসহ ইজিপ্ট এয়ারের একটি বিমান বিধ্বস্ত
মিশরের বিমান কর্মকর্তারা বলেছেন, ইজিপ্ট এয়ারের প্যারিস থেকে কায়রোগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইজিপ্ট এয়ারের ‘ফ্লাইট এমএস৮০এ’ ৫৬ যাত্রী এবং ১০ জন ক্রু ছিল।
স্থানীয় সময় রাত ২টা ৪২ মিনিটে এয়ারবাস এ৩২০ রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। মিশরের উত্তরাঞ্চলীয় ভূমধ্যসাগরের আকাশসীমার ১০ মাইল ভেতরে ছিল ফ্লাইট এমএস৮০এ এবং ৩৭ হাজার ফুট উঁচু দিয়ে উড়ছিল এটি। মিশরের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বলেছেন, গ্রিসের আকাশসীমা ছেড়ে দেশটির আকাশসীমায় ঢোকার দু’মিনিট পর এটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। মিশরের বিমান চলাচল মন্ত্রণালয় বলেছে, যাত্রীদের মধ্যে ৩০ জন মিশরের, ১৫ জন ফ্রান্সের এবং ১ জন ব্রিটেনের নাগরিক ছিলেন।
গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানটি খুঁজে বের করার জন্য দক্ষিণাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফ্রিগেট এবং সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এদিকে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে কোনো আশংকাই উড়িয়ে দেয়া যায় না।
গত বছরের ৩ অক্টোবর মিশরের শারম আশ-শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয় একটি রুশ যাত্রীবাহী বিমান। এ ঘটনায় বিমানটির ২২৪ আরোহীর সবার মর্মান্তিক মৃত্যু হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিমানে বোমা বসিয়ে ভূপাতিত করার দাবি করেছিল।
এদিকে,মার্চ মাসে ইজিপ্ট এয়ারের একটি বিমান হাইজ্যাক করে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করা হয়েছিল। আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তার সাবেক স্ত্রী’র সঙ্গে সাক্ষাতের দাবিতে বিমানটি ছিনতাই করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১৯