মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার লক্ষ্যে
ইরান ও ভেনিজুয়েলার মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু
-
ইরান ও ভেনিজুয়েলা জাহাজ চলাচল রুট চালু
আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে। কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইরান ও ভেনিজুয়েলা দু’দেশের ওপরই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইন্স বা আইআরআইএসএল-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইরান দূতাবাস বলেছে, এখন থেকে ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার উদ্দেশ্যে ইরান ছেড়ে যাবে।
এর আগে আইআরআইএসএল গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন। ওই সফরে দু’দেশের মধ্যে প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সাংস্কৃতিক খাতে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি , ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।#
পার্সটুডে/এমএমআই/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।