আসাদের পতনে মার্কিন সামরিক হামলার দাবি নাকচ করল রাশিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে আহ্বান জানিয়েছেন তা নাকচ করে দিয়েছে রাশিয়া। সামরিক উপায়ে সিরিয়ার সংকট সমাধানের বিরোধীতা করে আসছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (শুক্রবার) বলেছেন, এটা আমাদের কাছে কোনো গোপন বিষয় নয় যে, সামরিক উপায়ে সিরিয়ার সংকট অবসানের লক্ষ্যে আমেরিকার রাজনীতিতে একটি শক্তি সক্রিয় রয়েছে।
বাশার আসাদ সরকারের ওপর বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আহ্বান জানিয়ে কয়েক ডজন জন কূটনীতিক অভ্যন্তরীণ একটি দলিলে সই করেছেন বলে মার্কিন দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ (শুক্রবার) বলেছেন, সিরিয়া ইস্যুতে ৫০ জনের বেশি মার্কিন কূটনীতিক যে গোপন দলিলে সই করেছেন তা একটি গুরুত্বপূর্ণ বিবৃতি। ওয়াশিংটনে ফিরে গিয়ে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।
কোপেনহেগেন সফরত জন কেরি সংবাদ মাধ্যমকে আরো বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এবং এর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। দেশে ফিরে গিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসব।'
জাতিসংঘের অনুমোদন এবং সিরিয়া সরকারের অনুমতির তোয়াক্কা না করেই আমেরিকা এবং তার মিত্রবাহিনী ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে তাকফিরি দায়েশর অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশকে তো নির্মূল করতে পারেই নি বরং এতে বহু বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭