'পুতিনের কাছে নয় পাইলটের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এরদোগান'
https://parstoday.ir/bn/news/world-i13234-'পুতিনের_কাছে_নয়_পাইলটের_পরিবারের_কাছে_ক্ষমা_চেয়েছেন_এরদোগান'
সিরিয়ার আকাশসীমায় রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা সরকার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে তুরস্ক। এই ঘটনায় রাশিয়ার কাছে তুরস্ক কেবল দু:খ প্রকাশ করেছে বলে তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম দাবি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৬ ১৪:৫৫ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম
    তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম

সিরিয়ার আকাশসীমায় রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা সরকার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে তুরস্ক। এই ঘটনায় রাশিয়ার কাছে তুরস্ক কেবল দু:খ প্রকাশ করেছে বলে তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম দাবি করেছেন।

গত নভেম্বরে গুলি করে ভূপাতিত জঙ্গি বিমানের জন্য রাশিয়াকে তুরস্ক এর আগে ক্ষতিপূরণ দেয়ার যে প্রস্তাব দিয়েছিল তা ও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বিলদিরিম । আজ (মঙ্গলবার) তুর্কি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

বিমান ভূপাতিতের ঘটনায় আঙ্কারা রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার জন্য প্রস্তুত আছে বলে বক্তব্য দেয়ার কয়েক ঘন্টা পরই তিনি বলেন, রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি আলোচনার টেবিলে নেই। ইলদ্রিমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সিএনএন-তুর্কি বিভাগ এ খবর জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি চিঠির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা চেয়েছেন বলে গত সোমবার ক্রেমলিন দাবি করেছে। এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এরদোগান তার চিঠিতে ওই ঘটনার জন্য মাত্র দু:খ প্রকাশ করেছেন এবং নিহত পাইলটের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আগামীকাল টেলিফোন সংলাপ করবেন বলে আজ মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানোর পর তুরস্কের ক্ষমা চাওয়ার ইস্যুটি অস্বীকার করলেন প্রধানমন্ত্রী বিলদিরিম।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২৮