ইরানি উপগ্রহ উৎক্ষেপণ তেহরান-মস্কো সম্পর্ক গভীর হওয়ার প্রমাণ: তুর্কি পত্রিকা
https://parstoday.ir/bn/news/world-i155586-ইরানি_উপগ্রহ_উৎক্ষেপণ_তেহরান_মস্কো_সম্পর্ক_গভীর_হওয়ার_প্রমাণ_তুর্কি_পত্রিকা
তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক এক প্রতিবেদনে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর খবর জানিয়ে লিখেছে, এই পদক্ষেপটি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর হওয়ার একটি স্পষ্ট নিদর্শন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৫ ১৩:৪২ Asia/Dhaka
  • স্যাটেলাইট উৎক্ষেপণ
    স্যাটেলাইট উৎক্ষেপণ

তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক এক প্রতিবেদনে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর খবর জানিয়ে লিখেছে, এই পদক্ষেপটি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর হওয়ার একটি স্পষ্ট নিদর্শন।

তুর্কি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনটি নতুন ইরানি উপগ্রহ “কৌসার ১.৫”, “পায়া” ও “জাফার–২” উৎক্ষেপণ শুধু মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতিই তুলে ধরে না বরং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, সেটিও প্রমাণ করে।

ইয়েনি শাফাক পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রুশ-ইরান সহযোগিতা এমন এক পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে যখন দুই দেশই পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই অবস্থায় ইরান রাশিয়ার উৎক্ষেপণ সক্ষমতা থেকে উপকৃত হচ্ছে, আর রাশিয়াও ভূরাজনৈতিকভাবে একটি সক্রিয় অংশীদার অর্জন করেছে।

এতে আরও বলা হয়েছে, এ নিয়ে সাত বার রাশিয়া ইরানি উপগ্রহ কক্ষপথে পাঠাল। এই ধারা দুই দেশের মধ্যে মহাকাশ ক্ষেত্রে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে ওঠার ইঙ্গিত দেয়।

এই তুর্কি সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের মতো যেসব দেশ নিজের মহাকাশ সক্ষমতা উন্নয়নের চেষ্টা করছে তাদের জন্য এ ধরনের সহযোগিতা বিশ্বে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বহুমুখীকরণের শুভ ইঙ্গিত দেয়।

 ইরানের তিনটি উপগ্রহ “জাফার–২”, “পায়া” ও “কৌসার ১.৫" গতকাল রোববার রাশিয়ার ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন