ক্যাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা: আন্তর্জাতিক জবাব চাইল তেহরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের সামরিক হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি আন্তর্জাতিক সংস্থাগুলোকে “এই অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ী ব্যক্তি ও তাদের সমর্থকদের” জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
দুই শীর্ষ কূটনীতিক এ সময় সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা পদক্ষেপের পর উত্তেজনা নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে দাবি করেন, কিয়েভ এমন কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে যেগুলো ইরানের সঙ্গে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, একটি যুদ্ধজাহাজও হামলার লক্ষ্যবস্তু ছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে হামলার প্রতিবাদ জানায়। মন্ত্রণালয় এ ঘটনাকে “শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক” হামলা হিসেবে উল্লেখ করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই হামলা ইরানের প্রতি কিয়েভের অব্যাহত “অযৌক্তিক ও শত্রুতাপূর্ণ অবস্থানের” প্রতিফলন। একই সঙ্গে তেহরান জানিয়েছে, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইরান আরও দাবি করেছে, এই হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং এটি “আগ্রাসনের একটি কর্মকাণ্ড”, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পূর্ব ইউরোপ ও আশপাশের অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে যারা সত্যিই উদ্বিগ্ন, তাদের এই “বিপজ্জনক কর্মকাণ্ডের” বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেওয়া এবং ইউক্রেনের নেতৃত্বকে এই “অপরাধমূলক ও উসকানিমূলক কর্মকাণ্ডের” জন্য জবাবদিহির আওতায় আনা উচিত। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিজেদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।#
পার্সটুডে/ এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।