ইরান যুদ্ধের ধাক্কা: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, ৬৭% মার্কিন নাগরিক অসন্তুষ্ট
https://parstoday.ir/bn/news/world-i162274-ইরান_যুদ্ধের_ধাক্কা_ট্রাম্পের_জনপ্রিয়তা_তলানিতে_৬৭_মার্কিন_নাগরিক_অসন্তুষ্ট
পার্সটুডে: সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
(last modified 2026-08-18T12:55:50+00:00 )
আগস্ট ১৮, ২০২৬ ১৬:৫৪ Asia/Dhaka
  •  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।

চার দিনব্যাপী ওই জরিপে মাত্র ৩৩ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৬৭ শতাংশ তাঁর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন।

চলতি মাসের শুরুতে রয়টার্সের জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। নতুন জরিপের ৩৩ শতাংশ তাঁর আগের মেয়াদের সর্বনিম্ন জনপ্রিয়তার স্তরের সমান, যা ২০১৭ সালের ডিসেম্বরে রেকর্ড হয়েছিল।

গত বছর ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফিরে আসেন, তখনও অর্ধেকের কম মার্কিনি তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলার নির্দেশ দেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বব্যাপী তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়িয়েছে। এর ফলে মার্কিন পরিবারগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। একই সময়ে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

নির্বাচনের সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শুরুতে তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর একমাত্র উপায়ই হলো যুদ্ধ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ মার্কিনি মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলবে। এ মত পোষণকারীদের মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান। বিপরীতে মাত্র ১৬ শতাংশ মনে করেন, সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।

ওয়াশিংটন পোস্ট: ‘কৌশলগত জটে’ ট্রাম্প

এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ইরান-যুক্তরাষ্ট্রের ৬০ দিন আগে হওয়া চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও যুদ্ধের অবসান ঘটেনি।

ওই চুক্তিকে হোয়াইট হাউস ‘ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে তুলে ধরেছিল। তাদের দাবি ছিল, এর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর পথ তৈরি হবে। ট্রাম্পের উপদেষ্টারাও বলেছিলেন, চুক্তিটি পশ্চিম এশিয়ায় ‘অন্তহীন যুদ্ধ’ বন্ধে ট্রাম্পের সক্ষমতার প্রমাণ দেবে।

কিন্তু দুই মাসের আলোচনার সময়সীমা শেষ হয়ে গেছে। যুদ্ধ অব্যাহত রয়েছে, হরমুজ প্রণালি এখনো মূলত বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত ও পূর্ণাঙ্গ আলোচনা শুরুই হয়নি। প্রতিবেদনটির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলা শুরুর ছয় মাস পর এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ৭৮ দিন আগে ট্রাম্প এমন এক দীর্ঘস্থায়ী ও অনির্দিষ্ট সংঘাতের মুখোমুখি, যে ধরনের যুদ্ধ এড়াতে সক্ষম হওয়ার দাবিই তিনি নির্বাচনের সময় করেছিলেন। এখন তাঁর সামনে রয়েছে—স্পষ্ট সামরিক সমাধানহীন যুদ্ধ, কূটনৈতিক অগ্রগতির অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ।#

 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।