বাংলাদেশি ইমাম হত্যাকারীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ
-
খুনি অস্কার মোরেল
নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার বাংলাদেশি সহযোগীকে খুনের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। ৩৫ বছর বয়সী অস্কার মোরেল নামের এ ব্যক্তিকে রোববার শেষ বেলায় আটক করেছে পুলিশ।
ব্রুকলিনের অধিবাসী মোরেলের বাসা থেকে সোমবার একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, সার্ভিলেন্স ভিডিও’তে হত্যাকারীর পরনে যে রকম কাপড় ছিল বলে দেখা গেছে সে রকম কাপড় মোরেলের বাসা থেকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। মোরেলের বিরুদ্ধে দু’টি হত্যা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা আরো মনে করছেন শনিবার কুইন্সের হত্যাকাণ্ডের মাত্র ১০ মিনিট পর মোরেলের গাড়ি একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে। মোরেল সে সময়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। সার্ভিলেন্স ভিডিওতে মোরলের ব্যবহৃত গাড়ির ফুটেজ ধরা পড়েছে।
মোরলের বিরুদ্ধে পুলিশ সেকেন্ড ডিক্রি মার্ডারের অভিযোগ এনেছে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ বা ফার্স্ট ডিক্রি মার্ডারের অভিযোগ আনা হয় নি।
শনিবার মাওলানা আলাউদ্দিন আকঞ্জি এবং তার সহযোগী তারা মিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। কর্তৃপক্ষ বলছে, কুইন্সের ওজন পার্ক এলাকার আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে গুলি করে বন্দুকধারী। ঘটনাস্থলেই ৫৫ বছর বয়সী ইমাম আকঞ্জি মারা যান। বিবাহিত ইমাম আকঞ্জি তিন সন্তানের বাবা। এদিকে, হাসপাতালে নেয়ার চার ঘণ্টা পর প্রাণ হারান ৬৪ বছর বয়সী সহযোগী তারা মিয়া।
স্থানীয় মুসলমানরা একে ইসলাম বিদ্বেষী হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। শনিবার মর্মান্তিক হত্যাকাণ্ডের পরই ওই এলাকায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সমাবেশে থেকে এ কথা বলা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৬