রাশিয়ার পুলিশ ফাঁড়িতে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i17608-রাশিয়ার_পুলিশ_ফাঁড়িতে_হামলার_দায়িত্ব_স্বীকার_করল_দায়েশ
রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ট্রাফিক পুলিশ ফাঁড়িতে সাম্প্রতিক হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার কয়েক সপ্তাহ পর ওই হামলা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ১১:৪৪ Asia/Dhaka
  •  চেচেন গেরিলাদের বিরুদ্ধে অভিযান শেষে একটি ভবন থেকে বেরিয়ে আসছে রাশিয়ার স্পেশাল ফোর্স
    চেচেন গেরিলাদের বিরুদ্ধে অভিযান শেষে একটি ভবন থেকে বেরিয়ে আসছে রাশিয়ার স্পেশাল ফোর্স

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ট্রাফিক পুলিশ ফাঁড়িতে সাম্প্রতিক হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার কয়েক সপ্তাহ পর ওই হামলা হয়।

দায়েশ পরিচালিত কথিত বার্তা সংস্থা ‘আমাক’ গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, তাদের সদস্যারা মস্কোর বালাশিখা এলাকায় রুশ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে। বুধবার দুই সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও কুড়াল নিয়ে ওই ফাঁড়িতে হামলা চালায়। রাশিয়া বলেছে,  হামলাকারীদের দুজনই নিহত হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় রাশিয়ার অন্তত দুই পুলিশ আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। রুশ গণমাধ্যম বলছে, সন্ত্রাসীরা দুজনই চেচেন বংশোদ্ভূত নাগরিক যাদের বয়স ছিল ১৮ ও ২১ বছর।

রাশিয়ার কোমেরসান্ত পত্রিকা বলেছে, নিহত দুই সন্ত্রাসীর ব্যাগ থেকে তাদের পরিচয় উদ্ধার করা হয়েছে। এছাড়া, হামলার বিশ মিনিট আগে তারা কুড়াল কিনেছিল বলে ব্যাগে পাওয়া রশিদ থেকে পরিষ্কার হয়েছে। চলতি মাসের প্রথম দিকে দায়েশ সন্ত্রাসীরা তাদের সদস্যদেরকে রাশিয়ার ভেতরে হামলা চালানোর আহ্বান জানিয়েছিল। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়ে আসছে। রাশিয়ার চেচনিয়া অঞ্চল থেকে হাজার হাজার সন্ত্রাসী দায়েশ ও নুসরা ফ্রন্টে যোগ দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯