‘চীন-রাশিয়ার মোকাবেলা করতে পারবে না ব্রিটিশ বাহিনী’
https://parstoday.ir/bn/news/world-i17854-চীন_রাশিয়ার_মোকাবেলা_করতে_পারবে_না_ব্রিটিশ_বাহিনী’
ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট বলেছেন, তার দেশের সেনাবাহিনী বিশ্বযুদ্ধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় উপযুক্তভাবে সজ্জিত নয়। এ ছাড়া, চীন-রাশিয়ার মোকাবেলাও করতে পারবে না ব্রিটিশ বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৬ ০৮:২৯ Asia/Dhaka
  • ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট
    ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট

ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট বলেছেন, তার দেশের সেনাবাহিনী বিশ্বযুদ্ধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় উপযুক্তভাবে সজ্জিত নয়। এ ছাড়া, চীন-রাশিয়ার মোকাবেলাও করতে পারবে না ব্রিটিশ বাহিনী।

ব্রিটেনের দৈনিক স্টারকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জন ওয়েস্ট বলেন, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর দৃষ্টিতে ৫০ বছর আগে বিশ্ব যা ছিল তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও গোলযোগপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, শীতল যুদ্ধের সময়ের চেয়ে বিশ্ব আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ভেঙে যাওয়ার আশংকা ব্যক্ত করেন ফকল্যান্ডের যুদ্ধে অংশগ্রহণকারী অ্যাডমিরাল ওয়েস্ট। ইইউ ভেঙে গেলে মহাদেশটিতে যুদ্ধের আশংকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, ব্রিটেনের জন্য চীন ও রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে তুলে ধরে বিশ্বযুদ্ধের আশংকার কথা বলেন তিনি। দুই দেশই পরমাণু সক্ষমতা বাড়াচ্ছে এবং প্রচলিত বাহিনীর পেছনে বিপুল অর্থ ব্যয় করছে উল্লেখ করে এর লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলেন জন ওয়েস্ট।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় আমেরিকার সঙ্গে ঐক্য গড়ার আহ্বানও জানান তিনি। অবশ্য, ওয়েস্ট একাই এমন আশংকার কথা ব্যক্ত করেন নি। এর আগে ব্রিটিশ কমান্ডাররা একই ভাষায় কথা বলেছেন। তারা, রুশ হুমকি মোকাবেলায় বাড়তি বাজেট বরাদ্দের দাবি করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২২