মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
-
তানজু বিলজিক
মার্কিন সরকার সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের সমালোচনা করায় আঙ্কারায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের কর্মতৎপরতার ব্যাপারে আমেরিকার ‘অগ্রহণযোগ্য’ সমালোচনার প্রতিবাদ জানাতে ‘জন আর. ব্যাস’কে তলব করা হয়েছে।
সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এবং কুর্দি বিদ্রোহীদের নির্মূলের অজুহাতে গত ২৪ আগস্ট দেশটির উত্তরাঞ্চলে সেনা ও ট্যাংক পাঠিয়েছে আঙ্কারা। এদিকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদেরকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে মার্কিন সরকার।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার সোমবার সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা না চালাতে আঙ্কারার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তুরস্কের উচিত কুর্দিদের পরিবর্তে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলায় মনোনিবেশ করা। এ ছাড়া, পেন্টাগন কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুর্কি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘গভীর উদ্বেগের বিষয়’ বলেও উল্লেখ করেছে।
এর প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলবের কথা জানিয়ে বিলজিক বলেন, সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডিকে দজলা নদীর পূর্ব প্রান্তে সরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি ওয়াশিংটন দিয়েছিল তার প্রতি মার্কিন সরকারকে অটল থাকতে হবে।
এদিকে পিওয়াইডি দাবি করছে, তারা মার্কিন ও তুর্কি আহ্বানে সাড়া দিয়ে এরইমধ্যে দজলা নদীর পূর্ব প্রান্তে চলে গেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১