আমেরিকা শান্তির উদ্দেশ্যে জৈব গবেষণা চালাচ্ছে না: ল্যাভরভ
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা জৈব বিষয়ক যে সব গবেষণা চালাচ্ছে তার সবই হয়ত পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। মস্কো স্টেট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স বা এমজিআইএমও’তে ভবিষ্যত কূটনীতিবিদদের উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে এ কথা বলেন তিনি।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ল্যাভরভ বলেন, জৈব-অস্ত্রের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়ে রাশিয়ার প্রচেষ্টার বিরোধিতা করছে ওয়াশিংটন। বায়োলজিক্যাল অ্যান্ড টক্সিন উইপন্স কনভেনশন বা বিটিডাব্লিউসি বাস্তবায়নে নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে তৎপর রয়েছে রাশিয়া।
ল্যাভারভ বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ রুশ এ প্রচেষ্টাকে সমর্থন করছে কিন্তু আমেরিকা কঠোরভাবে এর বিরোধিতা করছে। এতেই বোঝা যাচ্ছে যে, আমেরিকা হয়ত সামরিক ক্ষেত্রে প্রয়োগের উপযোগী জৈব বিষয়ক গবেষণা চালাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২