নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য গভীর দুশ্চিন্তা এনেছে খুদে মোবাইল ফোন
হাতের তালুতে অনায়াসে এঁটে যায় এমন মাইক্রো বা খুদে মোবাইল ফোন ব্রিটেনসহ অন্যান্য দেশের নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য গভীর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

তারা আশংকা করছেন, দৈর্ঘ্যে মাত্র দু’ইঞ্চি মাপের এ জাতীয় মাইক্রো বা খুদে মোবাইল উগ্রবাদী এবং অপরাধীদের দুষ্কর্মের নতুন হাতিয়ার হয়ে উঠবে। কারাগারে বসেও মাইক্রো মোবাইল ব্যবহার করে আরো দুর্দমনীয় হয়ে উঠবে তারা। পারবে অপরাধ জগতের সঙ্গে অব্যাহত যোগাযোগ বজায় রাখতে । এমনকি অপরাধ তৎপরতার পরিকল্পনা এবং নির্দেশনা দেয়াও অব্যাহত রাখবে তারা।
ব্রিটেনের কারাগারগুলোতে এরই মধ্যে এ জাতীয় ফোন চোরাপথে পাচার করা হয়েছে। হাতের তালুসহ শরীরের অনেক স্থানেই এ ফোন লুকিয়ে রাখা সম্ভব। এতে নামমাত্র ধাতব যন্ত্রাংশ থাকায় অনায়াসে স্ক্যানার ফাঁকি দেয়াও যায়।
গত দু’বছর ধরেই এ ফোন অনলাইনে বিক্রি হচ্ছিল। কিন্তু ব্রিটেনে এখন এটি খোলা বাজারেই পাওয়া যাচ্ছে। এরই মধ্যে লন্ডন কারাগারে এ ফোনের উপস্থিতি কাকতালীয় ভাবে ধরা পড়েছে। কারাগারে পাচার করা প্যাকেটে মাদকের উপস্থিতি ধরে ফেলে গন্ধ শোঁকা বা স্নিফার কুকুর । এ রকম মাদকের প্যাকেটে পাওয়া গেছে মাইক্রো মোবাইল ফোন।
মাদকের সঙ্গে পাচারের চেষ্টা করায় লন্ডন কারাগারের মাইক্রো মোবাইল ফোনের এ চালান ধরা পড়েছে। কিন্তু নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যভাবেও এ সব ফোন কারাগারগুলোতে পাচার করা হয়েছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই বলে ধারণা ব্যক্ত করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ কারণে খুদে মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে বাধানিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ কারাগারের এক মুখপাত্র।#
পার্সটুডে/মূসা রেজা/১১