দ্বীপ দখল অনুশীলনের মধ্যদিয়ে শেষ হলো রুশ-চীন যৌথ নৌ মহড়া
https://parstoday.ir/bn/news/world-i20611-দ্বীপ_দখল_অনুশীলনের_মধ্যদিয়ে_শেষ_হলো_রুশ_চীন_যৌথ_নৌ_মহড়া
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপ দখলের অনুশীলনের মধ্যদিয়ে চীন ও রাশিয়ার আট দিনের যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া গত সোমবার শুরু হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৪:০১ Asia/Dhaka

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপ দখলের অনুশীলনের মধ্যদিয়ে চীন ও রাশিয়ার আট দিনের যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া গত সোমবার শুরু হয়েছিল।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের উপকূল থেকে এ মহড়া শুরু করা হয়।  দ্বীপ দখলের অনুশীলনে দেশ দু’টির যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান এবং হেলিকপ্টার অংশ নিয়েছে। এ অনুশীলনের মধ্যদিয়ে ‘জয়েন্ট সি-২০১৬’র সমাপ্তি ঘোষণা করা হয়। চীনের ফ্রিগেট, অবতরণ জাহাজ, সরবরাহ জাহাজ এবং সাবমেরিন মহড়ায় অংশ নিয়েছে। রাশিয়ার সাবমেরিন বিধ্বংসী কয়েকটি বড় জাহাজও মহড়ায় নেমেছিল।

মহড়ার মধ্যদিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো শক্তিধর দুই দেশের মধ্যে সামরিক সমঝোতা আরো বেড়েছে বলে জানানো হয়েছে। গত বছর এ মহড়া জাপান সাগর এবং ভূমধ্যসাগরে চালানো হলেও এবারই প্রথম তা বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চালানো হলো।

দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের ভৌগোলিক বিরোধ চলছে। আমেরিকা যখন  চীনের বিরুদ্ধে উত্তেজনায় আঞ্চলিক দেশগুলোকে সমর্থন দিচ্ছে তখন বেইজিং ও মস্কোর যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো।#

পার্সটুডে/মূসা রেজা/১৯