সিরিয়ায় ত্রাণবহরে হামলার জন্য রাশিয়া দায়ী: আমেরিকা
-
রাশিয়ার এসইউ-২৪ বোমারু বিমান
আমেরিকার দু জন কর্মকর্তা বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরের কাছে জাতিসংঘ ত্রাণবহরে সংঘটিত বিমান হামলার দায়িত্ব রাশিয়াকে নিতে হবে। গত সোমবার এ হামলা হয় এবং ২০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ত্রাণবাহী ১৮টি ট্রাক ধ্বংস হয়।
মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা এবং সিরিয়া ও ইরাকে তৎপর আন্তর্জাতিক জোটের মুখপাত্র কর্নেল জে টি থমাস গতকাল (মঙ্গলবার) বলেছেন, যখন ত্রাণবহরে হামলা হয়েছে ঠিক সে সময় রাশিয়ার দুটি এসইউ-২৪ বোমারু বিমান আলেপ্পোর আকাশে ছিল। একই কথা বলেছেন, মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সিনেটর বেন কারডিন।
মার্কিন দুই কর্মকর্তা বলছেন, আলেপ্পোর আকাশে রুশ বিমান থাকার কারণে এ সিদ্ধান্তে আসা যায় যে, হামলার পেছনে রাশিয়া দায়ী। এছাড়া, নাম প্রকাশ করেন নি এমন একজন মার্কিন সেনা কর্মকর্তা ওয়াশিংটন থেকে প্রকাশিত হিল নিউজকে মঙ্গলবার রাতে বলেছেন, “আমাদের কাছে যে তথ্য আছে তাতে এটিই প্রমাণিত হচ্ছে যে, এ হামলা রাশিয়া চালিয়েছে।”
এদিকে, হামলার অভিযোগ নাকচ করে মস্কো বলেছে, হামলায় রাশিয়া কিংবা সিরিয়ার কোনো বিমান জড়িত নয়। পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে সন্ত্রাসীরা ত্রাণবহরকে ঢাল হিসেবে ব্যবহার করছিল। এ ফুটজের কথা উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ বলেছেন, ফুটেজে পরিষ্কারভাবে সন্ত্রাসীদের ভারী মেশিনগান বসানো একটি পিকআপ দেখা গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১