সিরিয়ায় আরো যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া
সিরিয়ায় আরো যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। রুশ একটি সংবাদপত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ দৈনিক ইজভেস্তিয়া বলেছে, এসইউ-২৪ এবং এসইউ-৩৪ বিমানের বহর সিরিয়ার হামিমিন ঘাঁটিতে পৌঁছেছে। খবরে বিমানের সংখ্যা জানানো হয় নি। অবশ্য এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক মন্তব্য করে নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পো দখল নিয়ে যখন দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রচণ্ড লড়াইয় চলছে তখন এ খবর দেয়া হলো। আলেপ্পো হলো বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরাঞ্চলীয় শেষ শক্তিশালী ঘাঁটি। যুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া।
সিরিয়ার চলমান যুদ্ধের মোড় আলেপ্পো ঘুরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। আলেপ্পোর পতন ঘটলে সিরিয়ার সন্ত্রাসীরা চূড়ান্ত পতনের দিকে আরো দ্রুত এগিয়ে যাবে।
সিরিয় সরকারের আমন্ত্রণে এক বছর আগে বিদ্রোহী অবস্থানের ওপর বিমান হামলায় শুরু করে রাশিয়া। আর এর মধ্যদিয়ে যুদ্ধের গতি পাল্টে যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, রুশ বিমান হামলার ফলেই দামেস্কে আর কোনো দায়েশ, আল-কায়েদা বা নুসরা ফ্রন্টের জঙ্গি নেই।
এদিকে, সিরিয়ায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল তা মৃত্যুশয্যায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার। তিনি সাংবাদিকদের বলেন, একে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তবে এখনো পুরোপুরি মরে যায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১