‘চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলেই ভাবছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i22102-চীন_রাশিয়ার_সঙ্গে_যুদ্ধ_অনিবার্য_বলেই_ভাবছে_আমেরিকা’
রাশিয়া এবং চীনের সঙ্গে যুদ্ধ প্রায় অনিবার্য বলেই ধারণা করছে মার্কিন সেনাবাহিনী। এ যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং চৌকস অস্ত্রই হবে মার্কিন সেনাবাহিনীর প্রধান অবলম্বন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
  • ‘চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলেই ভাবছে আমেরিকা’

রাশিয়া এবং চীনের সঙ্গে যুদ্ধ প্রায় অনিবার্য বলেই ধারণা করছে মার্কিন সেনাবাহিনী। এ যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং চৌকস অস্ত্রই হবে মার্কিন সেনাবাহিনীর প্রধান অবলম্বন।

ওয়াশিংটনে 'এসোসিয়েশন অব দ্যা ইউএস আর্মি’র বৈঠকে মার্কিন সেনাবাহিনীর এমন ভবিষ্যত যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন মেজর জেনারেল উইলিয়াম হিক্স।

ভবিষ্যৎ এ যুদ্ধের তীব্রতা এবং গতি মানুষের পক্ষে চিন্তা করাও কঠিন হবে বলে উল্লেখ করেন জেনারেল হিক্স। তিনি বলেন, সুদূর ভবিষ্যতে যন্ত্র এত দ্রুত সিদ্ধান্ত নেবে যে, তার সঙ্গে তাল রাখা মানুষের পক্ষে দুষ্কর হয়ে উঠবে; ফলে মানুষ এবং যন্ত্রের মধ্যে সম্পর্কের কথা নতুন করে ভাবতে হবে। 

জেনারেল হিক্স বলেন, রাশিয়া এবং চীন ব্যাপকভাবে প্রচলিত সামরিক শক্তি অর্জন করছে। মার্কিন বাহিনী নজিরবিহীন সহিংসতার জন্য প্রস্তুত হচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, কোরিয় যুদ্ধর পর এমন ব্যাপক মাত্রার সহিংসতা আর কখনই দেখা যায় নি।

এদিকে, একই বৈঠকে ভবিষ্যতে যুদ্ধ প্রায় অনিবার্য বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক এ মিল্লি। কোরিয় যুদ্ধের পর থেকে বিশ্বে বিমান আধিপত্য রয়েছে মার্কিন বিমান বাহিনীর। কিন্তু ভবিষ্যতে এ আধিপত্য হয়ত থাকবে না বলেও ধারণা ব্যক্ত করেন তিনি। জেনারেল হিক্স বলেন, ভবিষ্যত যুদ্ধে মার্কিন নৌবাহিনীও হয়ত কার্যকর ভূমিকা নিতে পারবে না। এটু/এডি নামে পরিচিত অঞ্চলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এমনটি হতে পারে বলে মনে করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৬