সিরিয়ায় মার্কিন বিমানকে গুলি করে নামানোর হুমকি দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i22177-সিরিয়ায়_মার্কিন_বিমানকে_গুলি_করে_নামানোর_হুমকি_দিল_রাশিয়া
সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলাকারী বিমানকে গুলি করে নামানোর হুমকি দিয়েছে রাশিয়া। সিরিয় সেনা অবস্থানের ওপর বিমান হামলা চালানোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৬, ২০১৬ ২০:৪৯ Asia/Dhaka
  • এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলাকারী বিমানকে গুলি করে নামানোর হুমকি দিয়েছে রাশিয়া। সিরিয় সেনা অবস্থানের ওপর বিমান হামলা চালানোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার আকাশে অপরিচিত যেকোনো কিছুকে গুলি করে নামানোর জন্য প্রস্তুত রয়েছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এস-৩০০ দিয়ে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টারকে ভূপাতিত করা সম্ভব। রুশ সেনাবাহিনীর নিরাপত্তার জন্য সিরিয়ার তারতুস বন্দর এবং হেমেইমিম ঘাঁটিতে সম্প্রতি এস-৪০০ এবং এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, "রাশিয়ান  রিকন্সিলেয়েশন সেন্টারের অনেক সদস্য সিরিয়ায় ত্রাণ বিতরণ এবং যোগাযোগ রক্ষার কাছে নিয়োজিত রয়েছেন। এ অবস্থায় সিরিোর সরকারি যেকোনো অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা হলে তাতে রুশ সেনাদের জীবন বিপন্ন হবে।"

কথিত ‘অদৃশ্য’ জেটবিমান নিয়ে অপেশাদারসুলভ চিন্তা-ভাবনা করা হলে তা হতাশাব্যঞ্জক বাস্তবতার মুখে পড়বে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ এ মুখপাত্র। তিনি আরো বলেন, সিরিয়ার নিজেরই এস-২০০ এবং বিইউকে ব্যবস্থা রয়েছে। কয়েক বছরে এ দুই ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে সিরিয়া।

ওয়াশিংটন সিরিয়ার সরকারি অবস্থানের ওপর বিমান হামলার কথা ভাবছে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/৬