সাইবার হামলার অভিযোগ মার্কিন নোংরা কৌশল: রাশিয়া
-
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
চলতি বছরের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে বলে আমেরিকার পক্ষ থেকে আনা অভিযোগকে ভিত্তিহীন ও রাশিয়াভীতি ছড়ানোর অপচেষ্টা বলে মন্তব্য করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি এ প্রচেষ্টাকে নজিরবিহীন রুশ-বিরোধী উন্মাদনা বলে মন্তব্য করেন।
রিয়াবকভ বলেন, “মার্কিন নির্বাচনী প্রচারণায় রুশ হ্যাকারদের নিয়ে উন্মাদনা তৈরি করে বর্তমান প্রশাসনও সেই প্রযোগিতায় অংশ নিয়েছে এবং এ নোংরা প্রতিযোগিতায় অংশ নিতে তাদের মোটেই অনীহা নেই।”
এর আগে, গতকাল (শুক্রবার) মার্কিন জাতীয় গোয়েন্দা ও হোমল্যান্ড সিকিউরিটি এক যৌথ বিবৃতিতে বলেছে, “রাশিয়ার হ্যাকাররা আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটার হ্যাক করেছে। এ ঘটনায় রুশ সরকার সরাসরি জড়িত।”
গত জুন মাসে ডিএনসি’র ওয়েবসাইট হ্যাক হয়। এর পরের মাসে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস ডিএনসি’র ২০,০০০ ই-মেইল প্রকাশ করে দেয়। এতে দেখা যায়-দলীয় মনোনয়ন পাওয়ার জন্য হিলারি ক্লিনটনের পক্ষে ডিএনসি কাজ করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮