রুশ-মার্কিন উত্তেজনা শীতল যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক: জার্মানি
-
ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, রাশিয়া ও আমেরিকার মধ্যে বর্তমানে যে উত্তেজনা চলছে তা শীতল যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক। জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেছেন।
স্টেইনমেয়ার লিখেছেন, “যে কারো মনে হতে পারে এখন একটা শীতল যুদ্ধ পরিস্থিতি চলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে সময়টা ভিন্ন এবং আরো বেশি বিপদজনক।”
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া ও ইউক্রেন সংঘাত এবং শীতল যুদ্ধের দুই পরাশক্তির মধ্যে পরমাণু সহযোগিতায় সাম্প্রতিক ভাটা পড়ার বিষয়গুলো দুই দেশের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বাড়াচ্ছে।
২০১৪ সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির মার্কিন সমর্থিত সরকার ও রুশ-পন্থি গেরিলাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে রাশিয়ার হাত রয়েছে বলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যে অভিযোগ করছে মস্কো তা অস্বীকার করেছে। এদিকে গত সপ্তাহে আমেরিকার সঙ্গে পরমাণু ও জ্বালানী বিষয়ক একটি সহযোগিতা চুক্তি স্থগিত করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এটি করা হয়েছে। সঙ্গে সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির উপযুক্ত প্লুটোনিয়াম নিষ্ক্রিয় করার ব্যাপারে দু’দেশের মধ্যে যে চুক্তি রয়েছে তাও স্থগিত করেছে রাশিয়া।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী তার নিবন্ধে বলেছেন, এখনকার উত্তেজনা বেশি বিপজ্জনক এ কারণে যে, শীতল যুদ্ধের সময় কিছু ‘রেড লাইন’ ছিল যা দু’পক্ষ মেনে চলত। কিন্তু বর্তমানের বহু-মেরুকেন্দ্রীক বিশ্ব পরিস্থিতিতে এত বেশি আঞ্চলিক সংঘাত লেগে রয়েছে যে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিত অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তারপরও তিনি সিরিয়া বিষয়ে রাশিয়া ও আমেরিকাকে আলোচনা চালিয়ে যাওয়ার এবং একটা গ্রহণযোগ্য সমাধান বের করার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯