সীমান্তে ভারত বাড়তি সেনা ও বিমান মোতায়েন করেছে: পাক সিনেট
https://parstoday.ir/bn/news/world-i23497-সীমান্তে_ভারত_বাড়তি_সেনা_ও_বিমান_মোতায়েন_করেছে_পাক_সিনেট
সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত বাড়তি সেনাদল মোতায়েন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সিনেটের সাইয়্যেদ মুশাহিদ হোসেইন। তিনি জানান, পাকিস্তানকে টার্গেট করে সীমান্তে ভারত কয়েক স্কোয়াড্রন যুদ্ধবিমানও মোতায়েন করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২০, ২০১৬ ১৩:৩৮ Asia/Dhaka
  • ভারতীয় সেনা (ফাইল ফটো)
    ভারতীয় সেনা (ফাইল ফটো)

সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত বাড়তি সেনাদল মোতায়েন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সিনেটের সাইয়্যেদ মুশাহিদ হোসেইন। তিনি জানান, পাকিস্তানকে টার্গেট করে সীমান্তে ভারত কয়েক স্কোয়াড্রন যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের পররাষ্ট্র সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক সিনেট স্থায়ী কমিটির বৈঠক শেষে মুশাহিদ হোসেইন গণমাধ্যমকে এসব কথা বলেন। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি পর্যালোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।    

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ উত্তেজনা দেখা দিয়েছে। ভারত বলে আসছে- ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। অন্যদিকে, পাকিস্তান বলছে, ভারতে যেকোনো ধরনের হামলার পরই পাকিস্তানকে দোষারোপ করা দিল্লির অভ্যাসে পরিণত হয়েছে। উত্তেজনার অংশ হিসেবে দু দেশ সেনা মহড়াও দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০