‘আফগান মোনালিসা’কে সহায়তা করবে না জাতিসংঘ শরণার্থী সংস্থা’
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর বলেছে, ‘আফগান মোনালিসা’ নামে খ্যাত আফগানিস্তানের শরণার্থী শরবত বিবিকে তারা কোনো সহায়তা করবে না। জাল পরিচয় পত্রের ভিত্তিতে পাকিস্তানে বসবাসের দায়ে বুধবার আটক করার পরই শরবত বিবি বিশ্বব্যাপী খবরের শিরোনামে চলে আসেন।
পাকিস্তানের একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময়ে ইউএনএইচসিআর মুখপাত্র দুনিয়া আসলাম বলেন, শরবত বিবি প্রয়োজনীয় কাগজপত্র বিহীন আফগান শরণার্থী। প্রয়োজনীয় কাগজপত্রধারী শরণার্থীদেরই কেবল ইউএনএইচসিআর সহায়তা করে বলেও জানান তিনি।
শরবত বিবিকে আটকের খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এবং পাকিস্তানের আওয়ামি ন্যাশনাল পার্টি বা এএনপি তাকে মুক্ত করার প্রচেষ্টা চালানো হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।
এএনপি’র জাতীয় তরুণ সংস্থার চেয়ারম্যান মহসিন দাওয়ার বলেছেন, তার দল শরবত বিবির জামিনের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভুয়া পরিচয় পত্র সংক্রান্ত মামলা হওয়ায় শরবত বিবি বা শরবত গুলার জামিন পাওয়া বেশ কষ্টসাধ্য হবে বলেও দাওয়ার মনে করেন।
১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি নাসির বাগ শরণার্থী শিবিরে থাকার সময়ে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককারি শরবত বিবির প্রথম ছবি তুলেন। ১৯৮৫ সালের জুনের ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সে ছবি ছাপা হলে সবুজ চোখের অধিকারিণী শরবত বিবি বিশ্ব খ্যাতি পেয়ে যান। তখন তার বয়স ছিল প্রায় মাত্র ১২।
শরবত বিবির সঙ্গে তখন লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসারও তুলনা করা হয়েছিল। পরবর্তীতে শরবত বিবির জীবন আলেখ্য নিয়ে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে একটি দলিলচিত্রও নির্মাণ করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক।#
পার্সটুডে/মূসা রেজা/২৮