জামিনে মুক্ত হবেন কারারুদ্ধ ‘আফগান যুদ্ধের মোনালিসা’
পাকিস্তানে আটক ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে খ্যাত আফগানিস্তানের শরণার্থী শরবত বিবিকে জামিনে মুক্তি দেয়া হবে। জাল পরিচয় পত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে বুধবার আটক করার পরই শরবত বিবি বিশ্বব্যাপী খবরের শিরোনামে চলে আসেন।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, নারী হওয়ায় শরবত বিবির মামলা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা বা এফআইএ যত দ্রুত সম্ভব জামিনের ব্যবস্থা করবে।
অবশ্য শরবত বিবিকে জামিন বা পাকিস্তানে থাকার অস্থায়ী ভিসা দেয়া নিয়ে আইনি জটিলতার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, এমনটি হলে জাল পরিচয় পত্র দেয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করতে হবে। এ কাজটি যারা করেছেন তারা সত্যিকার অপরাধী এবং তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
অবশ্য এর আগে, শরবত বিবিকে তারা কোনো সহায়তা করবে না বলে জানিয়েছিল জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর।
পাকিস্তানের একটি দৈনিকের সঙ্গে কথা বলার সময়ে ইউএনএইচসিআর মুখপাত্র দুনিয়া আসলাম বলেন, শরবত বিবি প্রয়োজনীয় কাগজপত্র বিহীন আফগান শরণার্থী। প্রয়োজনীয় কাগজপত্রধারী শরণার্থীদেরই কেবল ইউএনএইচসিআর সহায়তা করে বলেও জানান তিনি।
১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি নাসির বাগ শরণার্থী শিবিরে থাকার সময়ে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককারি শরবত বিবির প্রথম ছবি তুলেন। ১৯৮৫ সালের জুনের ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সে ছবি ছাপা হলে সবুজ চোখের অধিকারিণী শরবত বিবি বিশ্ব খ্যাতি পেয়ে যান। তখন তার বয়স ছিল প্রায় মাত্র ১২।
শরবত বিবির সঙ্গে তখন লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসারও তুলনা করা হয়েছিল। পরবর্তীতে শরবত বিবির জীবন আলেখ্য নিয়ে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে একটি দলিলচিত্রও নির্মাণ করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক।#
পার্সটুডে/মূসা রেজা/৩১