সাইবার হামলা চালিয়ে রাশিয়াকে অচল করে দিতে চাইছে পেন্টাগন
মার্কিন সামরিক বাহিনীর হ্যাকার হিসেবে পরিচিত সাইবার দস্যুরা রাশিয়ার রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোরগুলোর ভেতরে অবস্থান নিয়েছে। মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যদি মস্কো ‘ভণ্ডুল’ করার চেষ্টা করে তবে এ সব হ্যাকাররা রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো অচল করে দিয়ে দেশটিতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। মার্কিন চ্যানেল এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
এতে দাবি করা হয়েছে, রাশিয়ার বিদ্যুৎ গ্রিড, টেলিকম্যুনিকেশন নেটওয়ার্ক এবং ক্রেমলিনের কমান্ড সিস্টেমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে ফেলতে পেরেছে মার্কিন সাইবার দস্যুরা। প্রয়োজনে চূড়ান্ত সাইবার হামলা চালিয়ে রাশিয়ায় ব্যাপক বিপর্যয় সৃষ্টির লক্ষ্যে এখন ওত পেতে বসে আছে তারা । মার্কিন অতি গোপন দলিলপত্র এবং শীর্ষ স্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার নেটওয়ার্কগুলোতে মার্কিন সামরিক বাহিনীর হ্যাকার বা সাইবার কমান্ডোরা বিশেষ ভাবে তৈরি ম্যালওয়ার বা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। চূড়ান্ত নির্দেশ পাওয়া মাত্রই এর মাধ্যমে নেটওয়ার্কগুলো অচল করে রাশিয়ায় বিপর্যয় সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
বড় ধরণের সাইবার হামলা চালিয়ে চলতি মাসের ৮ তারিখে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নজিরবিহীনভাবে ভণ্ডুল করার চেষ্টা রাশিয়া করতে পারে বলে অভিযোগ করছে আমেরিকা।
আমেরিকার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি এবং অন্য রাজনৈতিক সংস্থার কম্পিউটারে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগের জের ধরে এ আশংকা ব্যক্ত করেছে ওয়াশিংটন।
অবশ্য এ অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে রাশিয়া। এ ছাড়া, একে আমেরিকার ‘নোংরা কৌশল’ হিসেবেও অভিহিত করেছে মস্কো।#
পার্সটুডে/মূসা রেজা/৫