সীমান্তে ভারত-পাকিস্তান আবার গোলাগুলি শুরু; নিহত ৩
-
ফাইল ফটো
সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে আবার গোলাগুলি শুরু হয়েছে। ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের পক্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এবং হতাহতের এ খবর পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নাখিয়াল সেক্টরের স্থানীয় কর্মকর্তা সরদার জিশান নিসার তার ভাষায় বলেন, আজ (সোমবার) সকাল থেকে ভারতীয় সেনারা গোলাগুলি শুরু করেছে এবং তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নাখিয়াল সেক্টরে তিনজন নিহত ও দুজন আহত হয়।
আযাদ কাশ্মিরের নিলাম উপত্যকার কাছেও ভারতীয় সেনারা গোলা বর্ষণ করেছে বলে সর্দার ওয়াহিদ নামে স্থানীয় এক কর্মকর্তা অভিযোগ করেন। সেখানে ভারতীয় গোলায় একটি গাড়ি বিধ্বস্ত হয় এবং তিনজন আহত হয়েছে। তবে এসব হামলার জবাবে পাকিস্তানের সেনাদের ভূমিকা কী ছিল তা খবরে উল্লেখ করা হয় নি।
গত জুলাই মাস থেকে কাশ্মিরে ভারত-বিরোধী বিক্ষোভ চলে আসছে এবং সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছে। এরই এক পর্যায়ে কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হলে তার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর থেকে দু দেশের মধ্যে পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। দু দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে অনেক সামরিক ও বেসামরিক লোকজন মারা গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭