ভারতীয় গোলায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে নিহত ৩: ইসলামাবাদ
-
ভারতীয় গোলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি দেখছেন দুই পাকিস্তানি নাগরিক (গত সপ্তাহের ছবি)
বিতর্কিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিবর্ষণে তিন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে পাক কর্মকর্তারা দাবি করেছেন। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা মীর আবিদ জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বাত্তাল সেক্টরে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরো তিনজন আহত হয়।
তিনি বলেন, মান্ধোল গ্রামের অধিবাসী জাকির হুসাইন শাহের বাড়িতে একটি মর্টারের গোলা আঘাত হানে। এতে তার ৪৫ বছর বয়সি স্ত্রী ও ছয় বছরের মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। একই এলাকার একটি সেতুর কাছে আরেকটি গোলার আঘাতে আরেকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে আবিদ জানিয়েছেন।
এর আগে সোমবারও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নাকিয়াল এলাকায় ভারতীয় গোলার আঘাতে তিন ব্যক্তি নিহত হয়েছিল। এসব ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
এদিকে ভারত বলেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মু সেক্টরে একজন নিহত ও দু’জন আহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের সেনাদের এই গোলাগুলি বিনিময় থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করার লক্ষ্যে গত সপ্তাহে সীমান্তের দুই পাশের শত শত স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯