রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করা উচিত: ব্রিটিশ নেতা করবিন
https://parstoday.ir/bn/news/world-i25636-রাশিয়া_সীমান্ত_থেকে_ন্যাটো_সেনা_প্রত্যাহার_করা_উচিত_ব্রিটিশ_নেতা_করবিন
ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, নতুন করে স্নায়ু যুদ্ধ শুরুর আগে ন্যাটো ও রাশিয়ার উচিত- একে অপরের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ২১:৩৬ Asia/Dhaka
  • ব্রিটিশ লেবার দলের নেতা জেরেমি করবিন
    ব্রিটিশ লেবার দলের নেতা জেরেমি করবিন

ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, নতুন করে স্নায়ু যুদ্ধ শুরুর আগে ন্যাটো ও রাশিয়ার উচিত- একে অপরের সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা।

আজ (রোববার) বিবিসি’র সঙ্গে কথা বলার সময় করবিন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিষয়ে তিনি বহু সমালোচনা করেন তবে মস্কোর সঙ্গে সংঘাত এড়াতে হলে রুশ সীমান্ত থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার করতে হবে।  

করবিন জোর দিয়ে বলেন, “আমি মনে করি এমন একটি প্রক্রিয়া থাকা উচিত যার মাধ্যমে ন্যাটো ও রাশিয়া পরস্পরের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে। আমরা নতুন করে আর কোনো স্নায়ুযুদ্ধে নামতে পারি না।”

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পরও ব্রিটেন যখন মিত্র দেশগুলোকে নিশ্চিত করছে যে, যেকোনো পরিস্থিতিতে তারা ন্যাটোকে সমর্থন দেবে তখন ব্রিটিশ বিরোধীদলীয় নেতা করবিন এ মন্তব্য করলেন। ব্রিটেন বার বার ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে এবং রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের আহ্বান জানাচ্ছে।

তবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর ন্যাটোর এ পরিকল্পনা নস্যাৎ হতে চলেছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেছেন, ন্যাটো সেকেলে হয়ে গেছে এবং এর সদস্য দেশগুলোর নিরাপত্তার জন্য আমেরিকাকে অর্থ পরিশোধ করতে হবে। শুধু তাই নয়; নির্বাচনে বিজয়ের পর প্রথম সাক্ষাৎকার ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে সিরিয়ার সংঘাত অবসানের চেষ্টা করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩