'রাশিয়া-ইরান জোট সিরিয়ায় মার্কিন নীতি ব্যর্থ করে দিয়েছে'
-
সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা
সিরিয়ায় সরকার পরিবর্তনের মার্কিন নীতি রাশিয়া এবং ইরানের মধ্যে বিরাজমান বর্তমান জোট ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ভাষ্যকার এবং ইনস্টিটিউট ফর হিস্টোরিক্যাল রিভিউ'র পরিচালক মার্ক ওয়েবার। ইরানের জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
ওয়েবার বলেন, রাশিয়া, ইরান এবং সিরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ফলে মধ্যপ্রাচ্যে এমনকি গোটা বিশ্বে মার্কিন শক্তি এবং প্রভাব খর্ব অথবা দেওলিয়া হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, "সারা বিশ্বের মানুষ এখন এটা পরিস্কার দেখতে পাচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার মার্কিন চেষ্টা কিভাবে ব্যর্থ হয়ে গেছে। ওয়াশিংটনের এ নীতি বারাক ওবামা প্রশাসনের খুব বড় ধরণের ভুলের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং এটি মোটেও কাজ করছে না। বরং রাশিয়া, ইরান এবং সিরিয়ার মধ্যে শক্তিশালী ও ঘনিষ্ঠ সহযোগিতা সামনের দিকে অগ্রসর হচ্ছে।" তিনি আরো বলেন, "যদি সিরিয়া সংকটে ইরান এবং রাশিয়া জড়িত না হতো তাহলে গোটা বিশ্ব উগ্র জঙ্গিদের আধিপত্যের বিস্তৃতি আরো দেখতে পেতো। বিশ্ব আজ এ বিষয়টি স্বীকার করতে বাধ্য হচ্ছে।"
এদিকে, আমেরিকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন সিরিয়া পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। কারণ নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ায় কোনো সমস্যা সৃষ্টি করা উচিত নয় আমেরিকার। বরং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়াশিংটনের উচিত রাশিয়ার পাশাপাশি সিরিয়া সংঘর্ষে জড়িত অন্যান্য দেশের সঙ্গে একসাথে কাজ করা।"#
পার্সটুডে/বাবুল আখতার/৪