অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাতিল করল ইন্দোনেশিয়া
https://parstoday.ir/bn/news/world-i30049-অস্ট্রেলিয়ার_সঙ্গে_সামরিক_সহযোগিতা_বাতিল_করল_ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়ার সঙ্গে সব সামরিক সহযোগিতা বাতিল করে দিয়েছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সেসের ঘাঁটিতে ইন্দোনেশিয়ার জন্য অবমাননাকর প্রশিক্ষণ সামগ্রী প্রদর্শনের দায়ে এ সহযোগিতা বাতিল করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:৩২ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কোপাসুসের  কয়েক সদস্য
    ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কোপাসুসের কয়েক সদস্য

অস্ট্রেলিয়ার সঙ্গে সব সামরিক সহযোগিতা বাতিল করে দিয়েছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সেসের ঘাঁটিতে ইন্দোনেশিয়ার জন্য অবমাননাকর প্রশিক্ষণ সামগ্রী প্রদর্শনের দায়ে এ সহযোগিতা বাতিল করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র এবিসি চ্যানেলকে বলেন, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সব সহযোগিতা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি। অবশ্য কতদিনের জন্য এ সহযোগিতা বাতিল করা হয়েছে বা দেশ দুইটির সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণের সবক্ষেত্রেই এটি কার্যকর হবে কিনা তা পরিষ্কার করা হয় নি।

এবিসি বলেছে, ইন্দোনেশিয়ার বিশেষ বাহিনী কোপাসুসের সদস্যদের প্রশিক্ষণ চলছিল পার্থে অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিসের ঘাঁটিতে।

অবশ্য সহযোগিতা বাতিলের কারণ উল্লেখ না করে ইন্দোনেশিয়ার সামরিক মুখপাত্র বলেন, কারিগরি কারণে এমনটি ঘটেছে। দুই দেশের বাহিনীর সহযোগিতার ক্ষেত্রে নানা টানাপড়েন থাকতে পারে বলেও জানান তিনি।

অবশ্য ইন্দোনেশিয়ার সংবাদপত্র কোম্পাস বলেছে, জাকার্তার রাষ্ট্রীয় পঞ্চশীলা নীতি বিরোধী প্রশিক্ষণ সামগ্রী থাকায় ইন্দোনেশিয়ার কমান্ডো বাহিনীর এক প্রশিক্ষক অবমাননা বোধ করেছেন। এর আগেও অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ প্রক্রিয়ায় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে সংবাদপত্রটি জানিয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৪