সামরিক শাসন জারির হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i31111-সামরিক_শাসন_জারির_হুমকি_দিলেন_ফিলিপাইনের_প্রেসিডেন্ট
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে হুমকি দিয়ে বলেছেন, দেশে যদি মাদক সমস্যা আরো তীব্র হয় তাহলে তিনি সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদকে উপেক্ষা করে সামরিক শাসন জারি করবেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ১৩:০২ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে হুমকি দিয়ে বলেছেন, দেশে যদি মাদক সমস্যা আরো তীব্র হয় তাহলে তিনি সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদকে উপেক্ষা করে সামরিক শাসন জারি করবেন।

দুতের্তে পরিষ্কার করে বলেছেন, “পুরো জাতির বিপরীতে দু’একজনের অধিকার রক্ষার জন্য আমি সুপ্রিমকোর্টকে গণ্য করব না।” গতকাল (রোববার) ফিলিপাইনের প্রেসিডেন্টের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এ খবর দিয়েছে। ফিলিপাইনের চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি আরো বলেন, আইনি যেকোনো বাধা উপেক্ষা করে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

দুতের্তে বলেন, “সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও সবার ওপরে দেশ এবং যদি পরিস্থিতি সত্যিই খারাপ হয় তাহলে আমি সামরিক শাসন জারি করব।” ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, বিদেশি আগ্রাসন কিংবা অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দেখা দিলে কেবল সামরিক আইন জারি করতে পারেন প্রেসিডেন্ট। তবে সর্বোচ্চ আদালত বা সংসদ তা প্রত্যাহার করতে পারে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬