তেল-গ্যাসের জন্য মধ্য এশিয়ার দিকে ঝুঁকছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i32327-তেল_গ্যাসের_জন্য_মধ্য_এশিয়ার_দিকে_ঝুঁকছে_পাকিস্তান
পাকিস্তান তেল ও গ্যাস আমদানির জন্য মধ্য এশিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছে। পাক পররাষ্ট্র দফতর এরই মধ্যে জ্বালানি-সমৃদ্ধ আজারবাইজানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে। আর এ পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি পাকিস্তানের অতিমাত্রায় নির্ভরশীলতা কমবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ০৭:০৭ Asia/Dhaka
  • তেল-গ্যাসের জন্য মধ্য এশিয়ার দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তান তেল ও গ্যাস আমদানির জন্য মধ্য এশিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছে। পাক পররাষ্ট্র দফতর এরই মধ্যে জ্বালানি-সমৃদ্ধ আজারবাইজানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে। আর এ পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি পাকিস্তানের অতিমাত্রায় নির্ভরশীলতা কমবে।

পাকিস্তান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করে। এ ছাড়া, গ্যাসের চাহিদা মেটানোর জন্য পারস্য উপসাগরীয় আরেক দেশ কাতারের ওপর নির্ভর করছে পাকিস্তান।

পাক পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকিস্তানে অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রফতানির প্রস্তাব দিয়েছে আজারবাইজান।

এ ছাড়া, আজারবাইজান - পাকিস্তানের রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে যৌথ ভাবে পাকিস্তানে তেল টার্মিনাল এবং  তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সংরক্ষণাগার নির্মাণেরও আগ্রহ দেখিয়েছে দেশটি।

আজারবাইজানের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সংক্রান্ত একটি প্রস্তাব পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত বছর মার্চে অনুমোদন করেছেন। 

পাকিস্তানে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত এবং পরিশোধিত তেল আমদানি করছে।  এখন অন্য দেশ থেকে এলএনজি আমদানির সম্ভাব্যতা খতিয়ে দেখতে চাইছে দেশটি। সম্প্রতি পাকিস্তানে সর্বনিম্ন মূল্যে এলএনজি সরবরাহের জন্য দরপত্র দিয়েছে ইতালির সংস্থা এনি।

এদিকে, গবেষণাগার স্থাপন করে যৌথ পরীক্ষা চালানোর বিষয়েও সম্মত হয়েছে পাকিস্তান ও আজারবাইজান। এতে তেল ও গ্যাস উৎপাদন সংক্রান্ত পরীক্ষা চালানো হবে।

এ ছাড়া, তেল-গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সংক্রান্ত বৈজ্ঞানিক ও কারিগরি উন্নয়ন নিয়ে তথ্য বিনিময়ে দেশ দু’টি সম্মত হয়েছে। পাশাপাশি পেট্রোলিয়াম শিল্পে কর্মরত পেশাদারকে প্রশিক্ষণ দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে তারা।#

পার্সটুডে/মূসা রেজা/৪