সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা নওয়াজের: দেখা মাত্র নির্মূলের নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i33140-সন্ত্রাসীদের_বিরুদ্ধে_সর্বাত্মক_যুদ্ধ’_ঘোষণা_নওয়াজের_দেখা_মাত্র_নির্মূলের_নির্দেশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ (শুক্রবার) দেখা মাত্র সন্ত্রাসীদের নির্মূল করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলীকে কেন্দ্র করে কঠোর এ নির্দেশ দেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • নওয়াজ শরীফ
    নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ (শুক্রবার) দেখা মাত্র সন্ত্রাসীদের নির্মূল করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলীকে কেন্দ্র করে কঠোর এ নির্দেশ দেন তিনি।

সাধারণত এ রকম কঠোর ভাষায় বিবৃতি দেন না নওয়াজ। বিবৃতিতে সন্ত্রাসীদেরকে পাকিস্তানের শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের ভেতরে যেকোনো স্থানে বা বাইরে থেকে ঢোকা সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে ধ্বংস করার নির্দেশ দেন তিনি।

পাকিস্তানের সরকারি সূত্রগুলো থেকে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ, শিওয়ান এবং নাওয়াবাশে আলাদা বৈঠকে সভাপতিত্ব করেছেন নওয়াজ। লাল শাহবাজ কালান্দারের মাজারে হামলার জের ধরে এসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করা হয়।

পাক সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়া, সামরিক এবং বেসামরিক গোয়েন্দা প্রধানরা, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বৈঠকে যোগ দেন।

বৈঠকে সন্ত্রাসী, তাদের সহায়তাকারী এবং মদদদাতাদের প্রতি কোনো দয়া না দেখানোর জন্য নওয়াজকে পরামর্শ দেন নিরাপত্তা কর্মকর্তারা। এরপরই সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৭