পাকিস্তানে নতুন সামরিক অভিযানের প্রতি চীনের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i33554-পাকিস্তানে_নতুন_সামরিক_অভিযানের_প্রতি_চীনের_সমর্থন
পাকিস্তানে নতুন করে রাদ-উল-ফাসাদ নামে যে সামরিক অভিযান শুরু হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে চীন। সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলের জন্য গত বুধবার থেকে পাক সামরিক বাহিনী এ অভিযান শুরু করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka
  • পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (বামে) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
    পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (বামে) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

পাকিস্তানে নতুন করে রাদ-উল-ফাসাদ নামে যে সামরিক অভিযান শুরু হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে চীন। সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলের জন্য গত বুধবার থেকে পাক সামরিক বাহিনী এ অভিযান শুরু করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সংবাদ ব্রিফিংয়ের সময় বলেন, “জনগণ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সন্ত্রাসবাদ-বিরোধী যে পদক্ষেপ নিয়েছে তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বুঝতে পেরেছে চীন এবং পাক সরকারের এ পদেক্ষপের প্রতি সমর্থন জানাচ্ছে বেইজিং।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশটি তার নিরাপত্তা প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সফলতা অর্জন করবে।” একইসঙ্গে তিনি গত কয়েকদিনে বোমা হামলায় পাকিস্তানে যেসব মানুষ নিহত হয়েছে তাদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। গত কয়েকদিনে পাকিস্তানে বেশ কয়েক দফা বোমা হামলায় বহু মানুষ মারা গেছেন। এরপর পাক সামরিক বাহিনী গত বুধবার দেশব্যাপী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর ষোষণা দেয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫