হয় আমাকে মারো না হয় আমার হাতে মরো: ফিলিপাইনের প্রেসিডেন্ট
-
রড্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে দেশটির মাদক চোরাকারবারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন মাদক অপরাধীদের হত্যা করে যাবেন।
তিনি একটি এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে বলেন, “আমি চলে যাওয়ার আগে মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ হচ্ছে আরো হত্যা। কারণ তারা পাল্টা হামলা চালাচ্ছে।” প্রেসিডেন্ট দুতের্তে আরো বলেন, একদিন বা দু’দিনে এই যুদ্ধ শেষ হবে না। যতদিন একজন মাদক সম্রাট বা একজন মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকবে ততদিন এ যুদ্ধ চলবে।”
সম্প্রতি দুতের্তে বলেছিলেন, মাদক চোরাচালানে জড়িতদের পাশাপাশি তাদেরকে হত্যা করার বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করার কাজে ৬,০০০ পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন, “তোমাদেরকে মরতেই হবে। হয় তোমরা আমাকে মারো অথবা আমি তোমাদের সবাইকে হত্যা করব।”
মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরইমধ্যে মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। এসব সংগঠন দাবি করেছে, ২০১৬ সালের জুন মাসে মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২,৫০০ ব্যক্তি বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
দুতের্তে এর আগে ঘোষণা করেছেন, তিনি মাদকাসক্তদের ‘হত্যা করতে পারলে খুশি’ হবেন এবং অপরাধীদের হত্যা করে ‘পর্দার মতো ঝুলিয়ে’ রাখবেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩