ক্ষুব্ধ এরদোগানের মন্তব্য: ‘সন্ত্রাসবাদকে সমর্থন করছে জার্মানি’
https://parstoday.ir/bn/news/world-i33914-ক্ষুব্ধ_এরদোগানের_মন্তব্য_সন্ত্রাসবাদকে_সমর্থন_করছে_জার্মানি’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জার্মানিকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের জন্য অভিযুক্ত করেছেন। এরদোগানের নির্বাহী ক্ষমতা একচ্ছত্র করার লক্ষ্যে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের সমর্থনে জার্মান সরকার পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করে দেয়ার পর এ অভিযোগ করলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০১৭ ০৬:১৪ Asia/Dhaka
  • রজব তাইয়্যেব এরদোগান
    রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জার্মানিকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের জন্য অভিযুক্ত করেছেন। এরদোগানের নির্বাহী ক্ষমতা একচ্ছত্র করার লক্ষ্যে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের সমর্থনে জার্মান সরকার পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করে দেয়ার পর এ অভিযোগ করলেন তিনি।

এরদোগান শুক্রবার ইস্তাম্বুলে বলেন, ‘সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় ও সমর্থন দেয়ার জন্য জার্মানির বিচার করা উচিত।’

আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়ার ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্যাগেনাউ শহরে ওই গণভোটে এরদোগানের পক্ষে প্রবাসী তুর্কি কমিনিউনির লোকজনের সমাবেশ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি বাতিল করে নগর কর্তৃপক্ষ। এরপর জার্মানির আরো একাধিক শহরে এ ধরনের সমাবেশের অনুমতি বাতিল করা হয়।  এর প্রতিবাদে বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন, জার্মানি যেখানে তুরস্কের পিকেকে বিদ্রোহীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তখন আঙ্কারার বৈধ সরকারের পক্ষে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে আঙ্কারা।

জার্মানিতে ১৪ লাখ তুর্কি নাগরিক বসবাস করেন। এরদোগান সরকার এসব মানুষকে আসন্ন গণভোটের পক্ষে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে জনসমাবেশ করতে চেয়েছিল যেখানে একাধিক তুর্কি মন্ত্রী বক্তব্য রাখতে চেয়েছিলেন।  কিন্তু সে অনুমতি বাতিল করার পর এখন আঙ্কারা অভিযোগ করছে, দেশটির আসন্ন গণভোটে ‘না’ ভোটকে জিতিয়ে দেয়ার চেষ্টা করছে জার্মানি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪