কাবুলে কর্মীর ছদ্দবেশে সামরিক হাসপাতালে সন্ত্রাসী হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মার্কিন দূতাবাসের কাছে অবস্থিত দেশটির সবচেয়ে বড় সামরিক হাসপাতালে ঢুকে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
আজ (বুধবার) কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের সন্নিকটে থাকা সারদার দাউদ খান হাসপাতালে চার বন্দুকধারী হামলা চালায়। হাসপাতালের কর্মীর ছদ্মবেশে তিন জন প্রবেশ করার আগে অন্য ব্যক্তি ওই হাসপাতালের পেছনে আত্মঘাতী হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হাসপাতালটি ঘিরে রেখেছে এবং ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নেয়া সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ভেতর প্রবেশ করা এক সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় এবং বাকি দু'জনের সঙ্গে এখনো সংঘর্ষ চলছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়া, এতে ১২ ব্যক্তি আহত হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়টি। তবে নিহত হওয়া ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সেটি নিশ্চিত হওয়া যায় নি।এদিকে, হাসপাতাল ভবনে আটকে পড়া কর্মীরা সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরী বার্তা পাঠাচ্ছেন। এখনো কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের বর্বরোচিত হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী তালেবানকে সন্দেহ করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮