‘আফগানিস্তানে মার্কিন উপস্থিতিতেই দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর অভ্যুদয় ঘটেছে’
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের জন্য পরিষ্কার ভাষায় আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন নিজের তৈরি কুখ্যাত সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে যোগসাজশ বজায় রেখেছে।
মার্কিন ভিত্তিক ফক্স নিউজ নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দায়েশ হলো মার্কিন পণ্য। তিনি আরো বলেন, আফগানিস্তানে ২০১৫ সালে মার্কিন উপস্থিতিতেই বিদেশী মদদপুষ্ট এ গোষ্ঠীর অভ্যুদয় ঘটেছে।
তিনি আরো বলেন, আফগান-পাকিস্তান সীমান্তে তৎপর দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের জন্য নাম-চিহ্নহীন হেলিকপ্টার থেকে রসদ সরবরাহ করার নিয়মিত খবর পাওয়া যায়। ওয়াশিংটনকে এ বিষয়টি ব্যাখ্যা করতে হবে বলেও জানান তিনি।
গত মাসে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে মার্কিন সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা মোয়্যাব বা এমওবিএ ফেলার কথা উল্লেখ করে তিনি বলেন, দায়েশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছিল। তিনি বলেন, প্রথম দায়েশ এসে ওই এলাকা থেকে মানুষজনকে হটিয়ে দিয়েছে তারপর আমেরিকা তার বড় বোমা ফেলেছে। বড় এ বোমা ফেলাকে আমেরিকা এবং দায়েশের যৌথ অপারেশন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমি নিশ্চিত ।
তিনি বলেন, আফগানিস্তানের ভূমিতে আমেরিকা এ বোমা পরীক্ষা করতে চেয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৬