ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য পাকিস্তান দায়ী: আমেরিকা
-
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে আমেরিকা। এছাড়া, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরো হামলার পথ করে দেবে বলে উল্লেখ করেছে দেশটি। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গোয়েন্দা বিষয়ক সিনেট কমিটিতে শুনানির সময় এ কথা বলেছেন।
তিনি বলেন, ভারত-বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধে ইসলাবাদের ব্যর্থতার কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এ সময় তিনি ২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা এবং এ বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন।
মার্কিন এ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেন, পাকিস্তান থেকে যদি নতুন বড় কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সম্পর্কের আরো অবনতি হবে। এছাড়া, সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যকার গোলাগুলির ঘটনায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে অপ্রত্যাশিত যুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন কোটস।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২