জাহাজের ক্যাপ্টেনের ১৬ বছরের জেল বহাল রাখল ইতালির সুপ্রিম কোর্ট
-
ক্যাপ্টেন ফ্রান্সেসকো স্কেটিনো
ইতালির সুপ্রিম কোর্ট ২০১২ সালে সাগরে তলিয়ে যাওয়া জাহাজ কোস্টা কনকোরডিয়া’র ক্যাপ্টেনের ১৬ বছরের কারাদণ্ড বহাল রেখেছে। ক্যাপ্টেন ফ্রান্সেসকো স্কেটিনো’র আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় ঘোষিত হওয়ার পর তার মক্কেল রোমের রেবিবিয়া কারাগারে আত্মসমর্পন করেছেন।
২০১৫ সালে নিম্ন আদালতে ফ্রান্সেসকো নরহত্যা, নৌ দুর্ঘটনায় হাত থাকা এবং দুর্ঘটনায় পতিত জাহাজ ত্যাগ করার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। বিশাল বিলাসবহুল জাহাজ কনকোরডিনো ২০১২ সালে গিলিগো দ্বীপের কাছে পানির নীচের শিলায় ধাক্কা খেয়ে ডুবে যায় এবং ওই মর্মান্তিক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়।
ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়া অডিও’তে ক্যাপ্টেন স্কেটিনোকে কোস্ট গার্ডের সদস্যদের বলতে শোনা যায়, আপনি জাহাজে ফিরে যান। ওই মুহূর্তে তিনি যাত্রীসহ ডুবন্ত জাহাজটি ত্যাগ করে উদ্ধারকারী নৌকায় উঠে বসেছিলেন।
দুর্ঘটনার সময় জাহাজটিতে প্রায় ৪,০০০ যাত্রী ছিল যাদেরকে কোস্ট গার্ডের সদস্যসহ অন্যান্য উদ্ধাকারী দল উদ্ধার করে।
আদালতে সরকারি কৌঁসুলি বলেছেন, ক্যাপ্টেন স্কেটিনো নিজের পাশে বসে থাকা একজন নর্তকীকে জাহাজ চালাতে পারদর্শিতা দেখাতে গিয়ে জাহাজটিকে উপকূলের অতিরিক্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন বলে শিলায় ধাক্কা খেয়ে এটির তলদেশ ফেটে গিয়েছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩