আসাদকে সরানো নয়, রাজনৈতিক সমাধান চাই: আমেরিকা
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ-বিরোধী উপদেষ্টা টম বোসার্ট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবিলম্বে সরানোর দাবি থেকে সরে গেছে আমেরিকা। পাশাপাশি সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান চায় বলেও ঘোষণা করেছে ওয়াশিংটন। এ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী উপদেষ্টা টম বোসার্ট।
ট্রাম্প প্রশাসন আসাদ-বিরোধী সশস্ত্র লড়াইয়ে জড়িত কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পরই এ মন্তব্য করেন বোসার্ট।
তিনি বলেন, সিরিয়ার সংকট রাজনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন, সামরিকভাবে নয়। নেতৃত্বের শূন্যতা পূরণে সামরিকভাবে গৃহীত ব্যবস্থায় কোনো রাজনৈতিক কৌশল থাকে না বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আসাদকে প্রথমেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে- এমন দৃষ্টিভঙ্গি আমেরিকার জন্য এখন আর গুরুত্বপূর্ণ বিষয় নয়।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার কয়েক বছর ধরে বাশার আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে বক্তব্য দিতে শুরু করেছিল। আসাদকে উৎখাতের জন্য সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে আমেরিকা সহায়তা করেছে বলে বহু বছর ধরে অভিযোগ করছে দামেস্ক।#
পার্সটুডে/মূসা রেজা/২১