টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি, সেমিফাইনালে হ্যাম্পশায়ার
https://parstoday.ir/bn/news/world-i44666-টি_টোয়েন্টিতে_আফ্রিদির_প্রথম_সেঞ্চুরি_সেমিফাইনালে_হ্যাম্পশায়ার
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আফ্রিদির প্রথম সেঞ্চুরির দিনে তার দল হ্যাম্পশায়ারও পেয়েছে ১০১ রানের বিশাল জয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ০৮:৪৮ Asia/Dhaka
  • সেঞ্চুরির পর শহীদ আফ্রিদি
    সেঞ্চুরির পর শহীদ আফ্রিদি

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আফ্রিদির প্রথম সেঞ্চুরির দিনে তার দল হ্যাম্পশায়ারও পেয়েছে ১০১ রানের বিশাল জয়।

ডার্বির কাউন্টি ক্রিকেট গ্রাউন্টে আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হ্যাম্পশায়ার। ২০ বলে প্রথম ফিফটি ফিফটি তুলে নেন ‘বুমবুম’ খ্যাত আফ্রিদি। পরের ফিফটি আসে ২২ বলে। তার শতরানের ইনিংসটি সাজানো ১০ চার ও ৭ ছক্কায়। এছাড়া, ভিন্স ৩৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতকটি করার পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন আফ্রিদি। ৬৫ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেছিলেন মেডসন। ঝড়ো শতকের পর তিন ওভার বোলিংও করেছিলেন আফ্রিদি। কিন্তু বল হাতে কোনো সফলতা পাননি। তিন ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান।

জবাব দিতে নেমে ১৪৮ রানেই অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। ফলে ১০১ রানের বড় জয় পায় হ্যাম্পশায়ার। মূলত আফ্রিদির ম্যাচ উইনিং পারফরমেন্সের কারণেই হ্যাম্পশায়ার টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন আফ্রিদি। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এ ডানহাতি ব্যাটসম্যান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩