করাচি সৈকতে সাগরে ডুবে মারা গেল একই পরিবারের ১২ ব্যক্তি
পাকিস্তানের বন্দর নগরী করাচির হকসবে সৈকতে এক পরিবারের দুই নারীসহ ১২ ব্যক্তি সাগরে ডুবে মারা গেছেন। আজ(শনিবার) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এ সময়ে সাগরে প্রচণ্ড ঢেউ ছিল।
সপরিবারে বনভোজন করতে যেয়ে হতভাগ্য পরিবার খোলা সাগরে গোসল করে নেমেছিল। করাচির সৈকতে সাগরে নামার বিরুদ্ধে কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি তারা।
পাকিস্তানের ত্রাণ সংস্থা ইদি ফাউন্ডেশন জানিয়েছে, তারা ১১টি লাশ উদ্ধার করতে পেরেছে।
সৈকতের পুলিশ বলেছে, সরকারি বন্ধের দিনগুলোত সৈকতে ব্যাপক জনসমাগম হয়ে থাকে। সীমিত সম্পদ নিয়ে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।
গত মাসে করাচি সৈকতের নিলাম পয়েন্টে ডুবে মারা গেছে সৌদি আরবের তিন নাগরিক। সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে করাচি সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। করাচির কয়েকটি সৈকতে মে মাসেই প্রাণ হারিয়েছিল ১৮ ব্যক্তি।#
পার্সটুডে/মূসা রেজা/৯