পেরেরা-আমলার ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল বিশ্ব একাদশ
https://parstoday.ir/bn/news/world-i45797-পেরেরা_আমলার_ঝড়ো_ব্যাটিংয়ে_পাকিস্তানকে_হারাল_বিশ্ব_একাদশ
ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থিসারা পেরেরা ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সমতায় ফিরল বিশ্ব একাদশ। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ২০ রানে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২১:৩৮ Asia/Dhaka
  • থিসারা পেরেরা ও হাশিম আমলাকে অভিনন্দন জানাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা
    থিসারা পেরেরা ও হাশিম আমলাকে অভিনন্দন জানাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা

ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থিসারা পেরেরা ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সমতায় ফিরল বিশ্ব একাদশ। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ২০ রানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বিশ্ব একাদশ ১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ৩ উইকেট হারিয়ে। বিশ্ব একাদশে ২ বলে দরকার ছিল ৬ রান। রুম্মান রাইসের করা ২০তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন থিসারা পেরেরা।

বিশ্ব একাদশের হয়ে শুরুতে ঝড় তোলেন তামিম ইকবাল। ১৯ বলে ২৩ রানে ফেরেন তামিম। অপর ওপেনার হাশিম আমলা শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। আর শেষ দিকে ১৯ বলে ৫ ছক্কায় অপরাজিত ৪৭ করেন পেরেরা। এছাড়া, বিশ্ব একাদশের হয়ে টিম পেইন ১০ ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস ২০ রান করে।  

পাকিস্তানের হয়ে সোহাইল খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে বিশ্ব একাদশকে ১৭৫ রানের টার্গেট দেয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন প্রথম ইনিংসে ৮৬ রান সংগ্রহকারী বাবর আজম। এদিন তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এছাড়া, শোয়েব মালিক ৩৯ ও আহমেদ শেহজাদ ৪৩ রান করেন। শুরুতে ১৩ বলে ২১ করেন ফখর জামান।

২৩ রানে ২ উইকেট এবং ১৯ বলে ৪৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪