পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষস্থানীয় পদে বাড়ল বেসামরিক নিয়োগ
https://parstoday.ir/bn/news/world-i46007-পাক_সেনা_গোয়েন্দা_সংস্থা_আইএসআইয়ের_শীর্ষস্থানীয়_পদে_বাড়ল_বেসামরিক_নিয়োগ
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন) সরকার দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের শীর্ষস্থানীয় পদে বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেয়ার সংখ্যা বাড়িয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৭:১৮ Asia/Dhaka
  • পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষস্থানীয় পদে বাড়ল বেসামরিক নিয়োগ

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন) সরকার দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের শীর্ষস্থানীয় পদে বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেয়ার সংখ্যা বাড়িয়েছে।

আইএসআইয়ের মহাপরিচালক বা ডিজির পদে আগে একজন বেসামরিক কর্মকর্তা নিয়োগ করা হতো। চলতি মাসের ১৫ তারিখে এ সংখ্যা বাড়িয়ে চার করার প্রস্তাব অনুমোদন করেছেন পাক প্রধানমন্ত্রী শাহীদ খান আব্বাসি। এ পদটি পাক সেনাবাহিনীর মেজর জেনারেলের সমতুল্য বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।

এ ছাড়া, আইএসআইয়ে উপ মহাপরিচালক বা ডিডিজির পদ আট থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে।  নতুন পদগুলোতে বেসামরিক কর্মকর্তাদের ডিডিজি হিসেবে নিয়োগ দেয়া হবে।

পাকিস্তানের ভেতরে ও বাইরে স্বার্থ রক্ষার জন্য ১৯৫০ সালে আনুষ্ঠানিক দায়িত্ব দেয়া আইএসআইকে হয়। সোভিয়েত-আফগান যুদ্ধের সময়ে এ গোয়েন্দা সংস্থাকে জোরদার এবং পুনর্গঠন করা হয়। সে সময়ে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা সার্ভিস বা ডিআইএসের ক্যাডার সদস্যদের জন্য হাতেগোনা কয়েকটি বেসামরিক পদও সৃষ্টি করা হয়েছিল। অবশ্য, একটি মাত্র ডিজির পদ থাকায় এ সংস্থায় পদোন্নতির গতি ছিল খুবই ধীর ।

ডিজি এবং ডিডিজি মিলিয়ে নতুন ১০ পদ সৃষ্টি করায় পদোন্নতিতে গতি সৃষ্টি হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএসআই কর্মকর্তা ধারণা ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশেষ করে কঠিন এলাকায় কর্মরত ডিআইএসের তরুণ কর্মকর্তাদের পদোন্নতি তুলনামূলক ভাবে দ্রুততর হবে।#  

পার্সটুডে/মূসা রেজা/১৭