বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ওআইসি
https://parstoday.ir/bn/news/world-i57694-বায়তুল_মুকাদ্দাসে_দূতাবাস_স্থানান্তরকারী_দেশগুলোর_বিরুদ্ধে_ব্যবস্থা_নেয়া_হবে_ওআইসি
প্যারাগুয়ের দূতাবাস তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে বেআইনি ও উসকানিমূলক হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওসায়মিন এক বিবৃতিতে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের মাধ্যমে প্যারাগুয়ে সব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সব প্রস্তাব লঙ্ঘন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৮ ১৩:৩০ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ওআইসি

প্যারাগুয়ের দূতাবাস তেল আবিব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে বেআইনি ও উসকানিমূলক হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওসায়মিন এক বিবৃতিতে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরের মাধ্যমে প্যারাগুয়ে সব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সব প্রস্তাব লঙ্ঘন করেছে।

এ ধরনের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওআইসির ইস্তাম্বুল বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন যে, দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়া হবে।  

গতকাল সব প্রতিবাদ ও আইনকে উপেক্ষা করে আমেরিকার পথ অনুসরণ করে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে। এর আগে গত বুধবার গুয়াতেমালা তাদের দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ। ২০১৪ সালে গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর সেখানে এত বেশি হতাহতের ঘটনা আর ঘটেনি।

বিক্ষোভের মধ্যেই বায়তুল মুকাদ্দাসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। এতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনারসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান ট্রাম্প।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২