শেষ মুহূর্তের গোলে জার্মানির জয়, টিকে রইল নকআউট পর্বের আশা
https://parstoday.ir/bn/news/world-i59426-শেষ_মুহূর্তের_গোলে_জার্মানির_জয়_টিকে_রইল_নকআউট_পর্বের_আশা
সুইডেনকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানি। বিরতির পর মার্কো রয়েস আর টনি ক্রুসের গোলে স্বস্তির জয় পায় ইওয়াখিম লুভের দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৩, ২০১৮ ২২:১০ Asia/Dhaka
  • শেষ মুহূর্তের গোলে জার্মানির জয়, টিকে রইল নকআউট পর্বের আশা

সুইডেনকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল জার্মানি। বিরতির পর মার্কো রয়েস আর টনি ক্রুসের গোলে স্বস্তির জয় পায় ইওয়াখিম লুভের দল।

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ৫ মিনিটের মধ্যেই দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে ফেলে তারা কিন্তু তা কাজে লাগাতে পারেনি। তবে ম্যাচের ১৩ মিনিটে উল্টো গোল হজম করতে বসেছিল জর্মানি। সুইডেন স্ট্রাইকার মার্কোস বার্গ বল নিয়ে জার্মানির সীমানায় ঢুকে পড়েন। অথচ জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুয়েডিগার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি এবং রিভিউও নেননি।

তবে ম্যাচের ৩২ মিনিটে আর আটকাতে পারেনি জার্মানি। পাল্টা আক্রমণ থেকে গোল করে সুইডেন এগিয়ে যায়। মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ঢুকে জার্মান গোলরক্ষকে পরাস্ত করেন ফরোয়ার্ড ওলা টোইভোনেন। উল্লাসে মাতিয়ে তোলেন সুইডেন সমর্থকদের।

৪৪ মিনিটে ব্যবধান বাড়ানোর আরো একটি চমৎকার সুযোগ পেয়েছিল সুইডেন কিন্তু কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। ইনজুরি সময়ে গোলরক্ষকের দৃঢ়তায় আবার বেঁচে যায় জার্মানি।

 টনি ক্রুসের গোলে জয় পায় জার্মানি

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতা ফেরায় মরিয়া জার্মানি। টিমো ভের্নারের নিচু ক্রসে বল মারিও গোমেজের পায়ে লেগে উঠে যায়। ঠিকমতো শট নিতে পারেননি রয়েস। তবে তার হাঁটুর কাছাকাছি লেগে বল যায় জালে।

৮২ মিনিটে জার্মানি ১০ জনের দলে পরিণত হয় দুই হলুদ কার্ডের কারেণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। দলটি আরো বিপদে পড়ে যায়, তাই শেষ দিকে আরেকটি গোল হজম করতে বসেছিল তারা।

লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন জার্মানির ডিফেন্ডার জেরোমে বোয়াটেং

তবে ম্যাচের ৯৪ মিনিটে সুইডেনের ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় জার্মানি। ফ্রি কিক নিতে এসে ক্রুস হালকা পাস দেন ম্যাচের প্রথম গোলস্কোরার রিউসের পায়ে। রিউস আবার হালকা পাস দেন টনি ক্রুসের পায়ে। শেষ বাঁশি বাজার ঠিক ৫ সেকেন্ড আগে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে জার্মানিকে নিশ্চিত ড্র থেকে বাঁচিয়ে দেন রিয়াল তারকা ক্রুস।

এর আগে প্রথম ম্যাচে জার্মানি ১-০ গোলে হেরেছিল মেক্সিকোর কাছে। সুইডেন নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। দুই ম্যাচে একটি করে জয় নিয়ে জার্মানি দ্বিতীয় ও সুইডেন তৃতীয় স্থানে রয়েছে। আগামী ২৭ জুন জার্মানি কোরিয়ার বিপক্ষে এবং মেক্সিকোর সুইডেনের মুখোমুখি হবে। ওই দিনই নিশ্চিত হবে ‘এফ’ গ্রুপ থেকে মেক্সিকোর পাশাপাশি আর কোন দল নকআউট পর্বে খেলতে পারবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪